সত্যের পোশাক পরে ঘুরে বেড়ায় মিথ্যা: একটি চিরন্তন উপকথা
সত্যের পোশাক পরে ঘুরে বেড়ায় মিথ্যা: একটি চিরন্তন উপকথা
একবার সত্য আর মিথ্যা দেখা করল কিছু বিষয়ে মীমাংসার তাগিদে! হাঁটতে হাঁটতে তারা চলে গেল একটা কুয়ার পাশে। মিথ্যা বলল, "দেখো, কি স্বচ্ছ জল! চলো স্নান করি।" সত্য দেখল, কুয়ার জল সত্যিই পরিষ্কার, তাই সে মিথ্যার প্রস্তাবে রাজি হয়ে গেল। দুজনে পোশাক ছেড়ে নেমে পড়ল কুয়ায়। স্নানের মাঝপথে মিথ্যা সত্যকে একটু অপেক্ষা করতে বলে কুয়া থেকে উঠে আসলো এবং সত্যের পোশাক পরে পালিয়ে গেল।
খানিকক্ষণ অপেক্ষা করার পর মিথ্যাকে ফিরতে না দেখে সত্যও উঠে এলো কুয়ো থেকে। মিথ্যা কোথাও নেই, এমনকি পোশাকও নেই!রাগে অন্ধ হয়ে সত্য বের হল মিথ্যাকে খুঁজতে। কিন্তু নগ্ন সত্যকে দেখে ছি-ছি করে ধিক্কার দিল সভ্য সমাজের মানুষেরা। এমন কি তেড়েও এলো অনেকে। সত্য অনেক চেষ্টা করেও তাদেরকে প্রকৃত ঘটনা বোঝাতে ব্যর্থ হল। শেষে রাগে দুঃখে অপমানে ফের কুয়ায় নেমে গেল সত্য। তারপর থেকে সত্যকে আর কখনও দেখেনি কেউ। যাকে দেখেছে কিংবা দেখছে সে আসলে সত্যের পোশাক পরা মুখোশধারী মিথ্যা।
