ফেসবুকের ছন্দ, আমাদের এই বাংলার বুকে শীতের সকালের নেই তুলনা
আমাদের এই বাংলার বুকে
শীতের সকালের নেই তুলনা,
কোন কিছুর বিনিময়ে সে যে
কোনভাবে যায় না কেনা!
শীতের সকালে লেপের ভিতর
মুড়ি দিয়ে থাকার মজা,
দেরী পর্যন্ত শোবার ইচ্ছে
যায় না ছাড়া, হোক না সাজা!
ঘাসের আগায় শিশিরের ছোঁয়া
সূর্যের আলোয় ঝলমল করে,
প্রকৃতির কি অপূর্ব শোভা
মনে হয় যেন মুক্তো ঝরে।
শীতের সকালের গরম চা
সব কিছুকে হার মানায়,
সে চা যদি মাটির ভাঁড়ে
তার তুলনা পাবে কোথায়!
শীতের সকালের খেজুর রস
সব কিছুকে ছাপিয়ে যায়,
একবার শুধু চুমুক দিলেই
কোথাকার ঠাণ্ডা কোথায় পালায়!
শিউলি গাছের তলায় যেন
বসেছে ঐ ফুলের মেলা,
চারপাশে আদুর গায়ে
গরীব বাচ্চাদের অবুঝ খেলা!
এই বাংলায় শীতের দিনে
ওদের দুঃখের নেইকো শেষ,
অপেক্ষা করে সূর্য ওঠার
শীতের কাপড় নেই বিশেষ!
ওদের প্রশ্ন যাদের জীবনে
শুধুই হাহাকার জীবনভর,
কেন আসে এ শীতকাল
আসে নাকো নতুন ভোর!
খেটে খাওয়া গরীব মানুষের
ঠাণ্ডায় যায় জান প্রাণ ,
দুঃখের দিন পার করে
কবে হবে মুস্কিল আসান! শেষ
