কিডনি রোগ কেন হৃদরোগের ঝুঁকি বাড়ায়: নতুন গবেষণা
কিডনি রোগ কেন হৃদরোগের ঝুঁকি বাড়ায়: নতুন গবেষণা
দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত রোগীদের একটি বড় অংশ শেষ পর্যন্ত হৃদরোগের কারণে মৃত্যুবরণ করেন। চিকিৎসকদের কাছে দীর্ঘকাল ধরে এটি একটি বড় রহস্য ছিল যে, কিডনি ক্ষতিগ্রস্ত হলে কেন হৃদপিণ্ড বিকল হয়ে যায়। সম্প্রতি 'ইউনিভার্সিটি অভ ভার্জিনিয়া হেলথ সিস্টেম'-এর গবেষকরা এই রহস্যের সমাধান করেছেন।
গবেষণায় দেখা গেছে, যখন কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন এটি রক্তস্রোতে এক ধরণের ক্ষুদ্র কণা ছেড়ে দেয়, যাকে বিজ্ঞানীরা 'এক্সট্রাসেলুলার ভেসিকল' (Extracellular Vesicles) বলছেন।
সাধারণত এই কণাগুলো শরীরের কোষগুলোর মধ্যে সংবাদ আদান-প্রদান করে। কিন্তু অসুস্থ কিডনি থেকে আসা এই বিশেষ কণাগুলো হৃদপিণ্ডের জন্য বিষাক্ত হয়ে দাঁড়ায়। এগুলোতে এক ধরণের ক্ষতিকারক উপাদান (miRNA) থাকে যা সরাসরি হৃদপিণ্ডের টিস্যুকে আক্রমণ করে এবং হৃদপিণ্ডের স্বাভাবিক কার্যক্ষমতা কমিয়ে দেয়।
বিজ্ঞানীরা গবেষণাগারে পরীক্ষা করে দেখেছেন, সুস্থ ব্যক্তিদের রক্তে এই ক্ষতিকারক কণাগুলো থাকে না, কিন্তু কিডনি রোগীদের রক্তে এগুলো প্রচুর পরিমাণে বিদ্যমান।
এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ, এর মাধ্যমে এখন অনেক আগেভাগেই নির্ণয় করা সম্ভব হবে যে, কোন্ রোগীর হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এছাড়া, এই বিষাক্ত কণাগুলোকে আটকে দেওয়ার বা নিষ্ক্রিয় করার নতুন কোনও চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা গেলে কিডনি রোগীদের অকাল মৃত্যু ঠেকানো সম্ভব হবে বলে গবেষকরা আশা করছেন।
সুত্র . অনলাইন থেকে সংগ্রহ করা
